২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু সন্তানকে 'লুকিয়ে রেখে' ভাইয়ের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তি তার মেয়েকে চাপাইনবাবগঞ্জের এক বন্ধুর বাসায় লুকিয়ে রেখে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 11:11 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে শনিবার উদ্ধারের পর নয় বছর বয়সী ওই মেয়েকে সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালতে হাজির করা হয়।

'বাবা তাকে লুকিয়ে রেখেছিল,' উদ্ধার শিশুটি (বয়স ১৮ বছরের কম বলে নাম প্রকাশ করা হলো না) আদালতকে জানিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগরীর বায়েজিদ থানার ওসি মো. মহসিন।

ওই শিশুর বাবা নাছির উদ্দিন (৫৭) নগরীর কাজীর দেউড়ি বাজারে কসাইয়ের কাজ করেন। নাছিরের ভাই কামাল উদ্দিন (৪২) সৌদি আরবে কাজ করেন।

নগরীর বায়েজিদ থানার পূর্ব শহীদ নগর আশেকান আউলিয়া কলেজের পশ্চিম পাশের একটি জমি নিয়েই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ।

বায়েজিদ থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে কামাল কয়েক মাস আগে বড় ভাই নাছিরের বাসায় গিয়ে মারধর করে। এরপর নাছিরের বিরুদ্ধে একটি মামলাও করে।

“এছাড়া জমি নিয়ে বিরোধের কারণে নানা ভাবে নাছিরকে ছোট ভাই কামাল বিরক্ত করছিল।”

এরপর ২৪ নভেম্বর নগরীর বায়েজিদ থানায় কামালের বিরুদ্ধে একটি মামলা করেন নাছির উদ্দিন।

ওসি মো. মহসিন বলেন, "নাছিরের করা মামলায় অভিযোগ করা হয়, ১৫ নভেম্বর লোকজন নিয়ে তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের মারধর করে ছোট ভাই। এ সময় তার শিশু সন্তানকে তুলে নিয়ে যায় তার কামাল।

“এ ঘটনার তদন্ত করতে গিয়ে আমাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে নাছির ও তার স্ত্রী জানায়-তারাই মেয়েকে লুকিয়ে রেখেছেন।”

শনিবার বায়েজিদ থানার পুলিশ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মনাপাশা গ্রামে নাছিরের ব্যবসায়িক বন্ধু আনোয়ারুল হকের বাসা থেকে ওই মেয়েকে জেরিনকে উদ্ধার করে।

ওসি মহসিন বলেন, পুরো বিষয় শুনে আদালত ওই মেয়েকে তার বাবা নাছিরের জিম্মায় দিয়েছেন।