২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু চিকিৎসা ইউনিটের দেড় দশক: সেবা পেয়েছে পৌনে চার লাখ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে শিশুদের জন্য স্থাপিত চক্ষু চিকিৎসা ইউনিটে গত ১৫ বছরে তিন লাখ ৭০ হাজার শিশুকে সেবা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 08:09 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

রোববার দুপুরে হাসপাতালের সেমিনার হলে ‘বিগত বছরের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ২০০১ সালে দেশে সর্বপ্রথম শিশুদের জন্য পৃথক এই ইউনিট চালু করা হয়।

লিখিত বক্তব্যে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, দেড় দশকে চিকিৎসা সেবা নিয়েছে তিন লাখ ৭০ হাজার ৯৮১ শিশু; সার্জারি করা হয়েছে ১২ হাজার ১৯৬ জনের। এছাড়া ১৬ জন চিকিৎসক ও ৩১ জন মধ্যবর্তী পর্যায়ের কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

“১৯৯৯ সালে শিশুদের বাংলাদেশে সর্বপ্রথম আলাদা একটি প্রকল্প গ্রহণ করি। ২০০১ সালে এতে অরবিস ইন্টারন্যাশনাল যুক্ত হয়। যৌথ প্রচেষ্টায় চালু হয় শিশুদের জন্য প্রখম স্বয়ংসম্পূর্ণ চক্ষু চিকিৎসা ইউনিট।”

গ্রাম পর্যায়ে ৭৫ শতাংশ শিশু এখনও চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, দ্রুত রোগ শনাক্ত করা গেলে অনেকাংশে নিরাময় সম্ভব।

“একমাত্র সহজ উপায় হচ্ছে, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া। এ পর্যন্ত তিন হাজার গ্রামীণ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

রবিউল হোসেন বলেন, “দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা থেকে বলছি, শুধু হাসপাতাল স্থাপন করে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। রোগ প্রতিরোধ ও দ্রুত রোগ শনাক্তকরার ব্যবস্থা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে।

“প্রতি এক লাখ মানুষের জন্য এ সেবা সম্বলিত ‘ভিশন সেন্টার’ স্থাপনই যথাযথ বিকল্প। ইতিমধ্যে তিনটি সেন্টার স্থাপন করেছি। ভবিষ্যতে অরবিসের সহায়তায় আরও করা হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই হাসপাতালে প্রতিবছর গড়ে প্রায় চার লাখ বিভিন্ন বয়সের চক্ষু রোগী সেবা নিয়ে থাকেন; প্রতিবছর ২৫ হাজার জনের সার্জারি করা হয়।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এ পর্যন্ত ৩০ জন বিদেশিসহ ২৬০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, চক্ষু হাসপাতালের ডা. মনিরুজ্জামান ওসমানী ও ডা. রাজীব হোসেন উপস্থিত ছিলেন।