চট্টগ্রামের ৪৯ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা
সৌদি আরব, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অবস্থায় প্রাণ হারানো চট্টগ্রাম জেলার ৪৯ জনের পরিবারকে প্রায় দেড় কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে সরকারের ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।
স্বজন হারানো ওইসব পরিবারকে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানে এক কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৮৮৯ টাকার অনুদান ও ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
এ সময় তিনি প্রবাসে প্রাণ হারানোদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দ্রুত সময়ে বিতরণের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রবাসে মৃত্যুবরণকারী এবং অসুস্থদের পরিবহনের সুবিধার্থে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, জেলার কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার এসময় তার সঙ্গে ছিলেন।
