২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাফটকে ফের আটক ৩ জামায়াত-শিবির নেতা

জামিনে মুক্তি পাওয়ার পর জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর কমিটির নায়েবে আমির আহসান উল্লাহকে কারাফটক থেকে ফের আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

এছাড়া ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির ও চট্টগ্রাম নগর কমিটির নেতা মো. মোস্তফাকেও আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জামিনে মুক্ত হওয়ার পর কারাফটক থেকে তাদের আটক করা হয় বলে জানান নগরীর কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন।  

এনিয়ে আহসান উল্লাহকে চতুর্থ দফায় এবং এনামুল ও মোস্তফাকে দ্বিতীয় দফায় কারাফটক থেকে আটক করে পুলিশ।

ওসি জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা ফটক থেকে আটক করে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম জানান, আহসান উল্লাহ, এনামুল কবির ও মোস্তফার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার জামিনের কাগজপত্র আসার পর তা যাচাই বাছাই করে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।

গত ৮ মার্চ ভোর রাতে নগরীর হালিশহর এলাকার একটি বাসা থেকে আহসান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন।

এর পর গত ২৪ অগাস্ট, ৭ ও ১০ সেপ্টেম্বর তিন দফায় জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রাষ্ট্রায়াত্ব তেল শোধনাগার পদ্মা, মেঘনা, যমুনায় হামলার পরিকল্পনায় গত ২০ ফেব্রুয়ারি বাকলিয়া এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক এনামুল কবির ও চট্টগ্রাম মহানগর উত্তরের পাঠাগার সম্পাদক মো. মোস্তফাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

গত ২২ জুলাই তারা জামিনে ছাড়া পাওয়ার পর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় আবার তাদের কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়।