২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দোতলার ‘কার্নিশ থেকে পড়ে’ যুবকের মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়ায় তিন তলা একটি বাড়ির দোতলার ‘কার্নিশ থেকে পড়ে’ এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 11:15 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

পুলিশ বলছে, মো. আজাদ নামের ১৮ বছর বয়সী ওই তরুণ মাদকসেবী; ‘চুরি করতে গিয়ে’ সে কার্নিশ থেকে পড়ে যায়।

তবে নিহতের গলায় ‘ছুরির আঘাতের মতো’ ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে মেডিকেল ফাঁড়ি পুলিশ। 

আজাদের বাবার নাম মো. শামসুল হক, তাদের বাসা বাকলিয়ার মিয়া খান নগরে।

বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৩টার দিকে মিয়া খান নগর বেলে খাঁ’র বাড়ির দোলায় কার্নিশে উঠে পা পিছলে নিচে টিনশেড একটি মুদি দোকানের ওপর পড়ে আজাদ। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, আজাদের পাশেই একটি লম্বা লাঠি এবং তার মাথায় চিমটা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, জানালা দিয়ে চুরি করতেই সে ওই বাড়ির কার্নিশে উঠেছিল।

“স্থানীয়রাও আমাদের বলেছে, ছেলেটা হেরোইন নিত। এর আগেও সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে।”

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, “আজাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। এর মধ্যে গলার একটি ক্ষত ছুরিকাঘাতের মত।”

তবে ঠিক কি কারণে আজাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি।