'ছদ্মবেশী পাকিস্তানপন্থি'দের থেকে সাবধান: মহিউদ্দিন
ছদ্মবেশী পাকিস্তানপন্থি ও যুদ্ধাপরাধীদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার রাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের প্রস্তুতি সভায় তিনি বলেন, "পাঁচ-সাতজন কলাবোরেটরের বিচার হয়েছে। আরও অনেকে আছে। অনেক ছদ্মবেশীও আছে। ছদ্মবেশী পাকিস্তানপন্থি আর যুদ্ধাপরাধীদের থেকে সাবধান।
“তারা অবজ্ঞা করে বলে, 'দেশের অর্থনীতির কী খারাপ অবস্থা! আমরা বাঙ্গালি বলেই এই অবস্থা।' আরে দেশ স্বাধীন না হলে কী করতে? অর্থনীতি তো এখন সবচেয়ে ভালো অবস্থায়।”
পাকিস্তান শাসনামলের তুলনায় দেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১৫ কোটির বেশি হলেও দরিদ্র ও অভাবী মানুষের সংখ্যা কমেছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।
নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে ওই প্রস্তুতি সভা হয়।
মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বলেন, "পাকিস্তান আমলে কে কি করত তা তো সব জানি। তারা আমাদের ওপর ভর করে দেশ স্বাধীন হওয়ার পর অনেক কিছু করেছে। কিন্তু এখনও ছেলেমেয়ের বিয়েতে পাকিস্তান থেকে লেহেঙ্গা আনে।"
বর্তমানে দরিদ্র মা-বাবার সন্তানও উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, "আমরা দুর্বল-কাপুরুষ নই। জাতি হিসেবে নিজ পায়ে দাঁড়াতে চাই। আগামী ১৫ বছরের মধ্যে আমরা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। নতুন প্রজন্মই এতে নেতৃত্ব দেবে।"
নতুন প্রজন্মকে ‘সৈনিক’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মহিউদ্দিন চৌধুরী।
"তারা (নতুন প্রজন্ম) রাজনীতি-অর্থনীতি, গণতন্ত্র-সমাজতন্ত্র বিষয়ে পড়বে, পরিবেশ সচেতন হবে। আবার সৈনিক হয়ে লাঠি দিয়ে অন্যায়কারীকে প্রতিরোধ করবে।," বলেন তিনি।
নতুন প্রজন্মসহ সবাইকে জঙ্গিদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
মহিউদ্দিন বলেন, "মাজারে কে নাকি উলঙ্গ থাকে, তাকে ধরে জবাই করে দিলে। এটা কোন ধরনের ইসলাম? ইসলাম তো জবাই করতে বলেনি। বলেছে-কেউ উলঙ্গ থাকলে তাকে কাপড় দিতে। মানুষ হত্যার এ স্বভাব অত্যন্ত নিম্ন শ্রেণির।"
সভা থেকে জানানো হয়, বিজয় মেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার থেকে নগরীতে ডিসেম্বর মাসব্যাপী বিজয় মেলার ২৭তম আসর শুরু হবে।
ওইদিন বিকালে এমএ আজিজ স্টেডিয়ামের মোড়ে বিজয় শিখা প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়।
এছাড়া বিজয় মেলা পরিষদের পক্ষ থেকে ১৩ ডিসেম্বর নগরীর লালদীঘি মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির এক হাজার শিক্ষার্থীর মাঝে একটি করে ফুলের টব বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।
