চিকিৎসক সেজে এক যুগ, অতঃপর ধরা
এক যুগেরও বেশি সময় ধরে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসার পর ভ্রাম্যমাণ আদালতের কাছে দেওয়া অঙ্গীকারনামায় এক ‘চিকিৎসক’ লিখলেন ‘আমি ডাক্তার না’।
বুধবার নগরীর বায়েজিদে হাটহাজারী সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কাছে এই লিখিত অঙ্গীকার করেন মেরাজ ফার্মেসির মালিক মো. ইসলাম (৬০)।
ওই এলাকায় দীর্ঘদিন ধরে তিনি রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।
ভুয়া ডাক্তার ও ভেজাল ওষুদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মো. ইসলাম প্রায় ১০ থেকে ১২ বছর ধরে ওই এলাকায় ডাক্তার সেজে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। যদিও তিনি তার ডাক্তারির পক্ষে কোনো কাগজপত্র বা সনদ দেখাতে পারেননি।”
মো. ইসলাম তার নেমপ্ল্যাটে ‘এম.ডি.পি.সি ও এক্স.বি.এইচ.এস’ ডিগ্রি ব্যবহার করে আসছিলেন বলে জানান রুহুল আমিন।
“সনদপত্র দেখাতে না পারায় তাকে এক লাখ টাকা জরিমানা ও ভবিষ্যতে কোনো ধরনের ব্যবস্থাপত্র না দেওয়ার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।”
অন্যদিকে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে বায়েজিদের আতুরার ডিপো ও কুঞ্জছায়া আবাসিক এলাকার ছয় ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুঞ্জছায়া আবাসিক এলাকার কামাল ফার্মেসিকে ২০ হাজার টাকা, প্রমি ড্রাগ হাউজকে পাঁচ হাজার টাকা ও মোহাম্মদিয়া মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আতুরার ডিপো এলাকার হক ফার্মেসিকে ১০ হাজার টাকা ও জননী মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
