সিসিসি কর্মীদের নিয়ে মেয়রের খেদ
চট্টগ্রাম সিটি করপোশেন (সিসিসি) পরিচালনায় সীমাবদ্ধতার কথা জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, তিনি ‘দক্ষকর্মী’ পাননি।
সোমবার নগর ভবনে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় সিসিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি।
সীমাবদ্ধতার মধ্যে লোকবল সংকট অন্যতম জানিয়ে সিটি মেয়র বলেন, স্বাস্থ্য, প্রকৌশল, রাজস্বসহ সিসিসি’র সব বিভাগের ভারপ্রাপ্তদের দিয়ে চালাতে হচ্ছে।
“আমি গরুও পাই নাই, মহিষও পাই নাই; ছাগল দিয়ে চাষ করছি।”
প্রথম সমন্বয় সভায় বকেয়া পরিশোধে তাগিদ দেওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে শুরু করেছে কয়েকটি সরকারি সংস্থা।
মঙ্গলবার নগর ভবনে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে দ্বিতীয় সমন্বয় সভায় এ তথ্য জানিয়েছেন সিসিসি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিভিন্ন সংস্থার মধ্যে সম্পূর্ণ হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম।
সিএমপি বকেয়া হোল্ডিং ট্যাক্স ৩৭ লাখ ৮৭ হাজার টাকা ও স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম ৪৬ হাজার ৪১০ টাকা হোল্ডিং ট্যাক্সের সবটাই পরিশোধ করেছে বলে জানান মেয়র।
অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের কাছে সিসিসি’র বকেয়া ৭৬ কোটি ২০ লাখ ৮৫ হাজার টাকার মধ্যে ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
এছাড়াও পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের আংশিক বকেয়া কর পরিশোধ করেন।
সিসিসি’র এক হাজার ৬৫০টি হোল্ডিংয়ের বিপরীতে বকেয়া ট্যাক্সের পরিমাণ ১৯৫ কোটি ৯৫ লাখ টাকা।
সভায় আ জ ম নাছির নগরীর যানজট নিরসন, আবর্জনা অপসারণ, জলাবদ্ধতা নিরসনসহ পরিকল্পিত নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে সমন্বয় সভার গুরুত্ব তুলে ধরেন।
“তিন থেকে চার মাসের মধ্যে পরিকল্পিত নগরীর একটি রূপরেখা পাব। এ লক্ষ্যে কাজ চলছে। পরিকল্পিত নগর গড়তে আমাদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে হবে।”
আবর্জনা ব্যবস্থাপনায় শৃংখলা আনতে অগাস্টের ২২ তারিখ থেকে ৪১টি ওয়ার্ডে পালা করে মাইকিং ও নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে ২০ লাখ লিফলেট বিলি করা হয়েছে বলে সভায় জানান তিনি।
এছাড়া সচেতনতার তৈরির অংশ হিসেবে এক কোটি প্রচারপত্র বিতরণ করার লক্ষ্য আছে বলেও জানান নাছির।
তিনি বলেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে আইন না মেনে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে বিদ্যমান আইন প্রয়োগ করা হবে।
ফুটপাত ও রাস্তা দখল করে থাকা হকারদের পুনর্বাসনেও পরিকল্পনা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টার পর্যন্ত হকারদের বসার অনুমতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
সমন্বয় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, সচিব রশিদ আহমদ, চট্টগ্রাম ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, বিটিসিএল চট্টগ্রামের মহাব্যবস্থাপক তমাল কান্তি নন্দীসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
