২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের মৃত্যু: ‘আত্মহত্যা নয়, হত্যা’

পরিবার আত্মহত্যা দাবি করলেও নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদকে ‘হত্যা করা হয়েছে’ বলে তদন্ত প্রতিবেদন দিয়েছে চট্টগ্রামের পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল কান্তি চৌধুরী মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তীর কাছে এ অভিযোগপত্র জমা দেন।

বিচারকের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয়দানকারী সানজিদা আহমেদ মিশু, তার মা লাকী আক্তার, বাবা নাসির আহমেদ, বড় ভাই ইমরান হোসেন এবং সানজিদার বাসার গৃহকর্মী রিনা আক্তারকে আসামি করা হয়েছে এই অভিযোগপত্রে।

পরিদর্শক কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক সাঈদকে হত্যা করা হয়েছিল বলেই তদন্তে প্রমাণ মিলেছে। আসামিদের পাঁচজনই ঘটনায় সম্পৃক্ত বলে পারিপার্শ্বিক বিভিন্ন প্রমাণ আমরা পেয়েছি। সে কথাই তদন্ত প্রতিবেদনে লিখেছি।”

বিচারকের লাশের সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের কথা ছিল। তদন্তে এ বিষয়েও আলামত ও প্রমাণ মিলেছে বলে সিআইডি কর্মকর্তা জানান।

বুধবার এই প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান।

গত বছরের ১৬ সেপ্টেম্বর নগরীর হালিশহরের মোল্লাপাড়া এলাকায় সানজিদা আহমেদ মিশুর বাসায় মারা যান বিচারক সাঈদ। মিশুর পরিবার সে সময় দাবি করে, বিচারক সাঈদ ‘আত্মহত্যা করেছেন’।

পদোন্নতি পেয়ে নওগাঁ‍য় যোগ দেওয়ার আগে চট্টগ্রামের পটিয়ায় যুগ্মজেলা জজ ছিলেন সাঈদ।

সানজিদা ও লাকী সেদিন সন্ধ্যায় সাঈদের লাশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) গেলে সেখানে তাদের আটক করা হয়। পরে মোল্লাপাড়ার বাসা থেকে আটক করা হয় সানজিদার বড় ভাই ইমরান ও গৃহকর্মী রিনাকে।

চট্টগ্রাম নগর পুলিশের সেই সময়ের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত ঘটনার রাতে জানিয়েছিলেন, বিচারকের মাথায় আঘাতের বড় চিহ্ন আছে। গলায়ও দাগ ‍পাওয়া গেছে।

পরদিন ১৭ সেপ্টেম্বর নগরীর হালিশহর থানার এসআই মুকুল মিয়া বাদি হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। সেখানে মিশুসহ ওই বাসার পাঁচ সদস্যকে আসামি করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় ‘পরিকল্পিত হত্যার’ অভিযোগ আনা হয়।

কিন্তু ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের সঙ্গে পুলিশের সুরতহাল প্রতিবেদনের গরমিল পাওয়ায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে গতবছর ২ নভেম্বর সিআইডি তদন্তের দায়িত্ব নেয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে ওই বছর ২৩ নভেম্বর আদালত কবর থেকে লাশ তুলে আবার ময়নাতদন্তের আদেশ দেন। সে অনুযায়ী গত বছর ২ ডিসেম্বর ঢাকার বনানী কবরস্থান থেকে লাশ তুলে নতুন করে ময়নাতদন্ত করা হয়।

এ মামলার আসামিদের মধ্যে ইমরান কারাগারে থাকলেও মিশু, লাকী ও রিনা জামিনে আছেন। এছাড়া নাসির ঘটনার পর থেকেই পলাতক।

পুরনো খবর:

চট্টগ্রামে বিচারকের মৃত্যু নিয়ে রহস্য, গ্রেপ্তার ৩