২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বোর্ডের সাবেক সদস্য নাছিরুদ্দিন মাহমুদ মারা গেছেন

বিনিয়োগ বোর্ডের সাবেক সদস্য ও বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমদ নাছিরুদ্দিন মাহমুদ মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

শুক্রবার সকাল পৌনে ৯টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে সাবেক এই সরকারি কর্মকর্তার বয়স হয়েছিলন ৬৯ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নাছিরুদ্দিন মাহমুদের ভাগ্নে সাংবাদিক মুস্তফা নঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

বিকালে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ক্যাপ্টেন শামসুল হুদা স্কুল মাঠে জানাজা শেষে গুপ্তাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কর্মজীবনে আহমদ নাছিরুদ্দিন মাহমুদ বিনিয়োগ বোর্ডের সদস্য এবং বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ম্যানিলা ভিত্তিক 'প্রেস ফাউন্ডেশন অব এশিয়া'র কান্ট্রি স্পেশালিস্ট হিসেবেও কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর ও ইউনিভার্সিটি অব ফিলিপিনস থেকে লোক প্রশাসনে উচ্চতর ডিগ্রি নেওয়া নাছিরুদ্দিন মাহমুদ দীর্ঘদিন সরকারি চাকরি করে ২০০৩ সালে অবসর নেন।

অবসরের পর পাঁচ বছর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর পরিচালক ছিলেন তিনি।

তার মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন শোক প্রকাশ করেছেন।