পাকিস্তানি দূতাবাস বন্ধের দাবি চট্টগ্রাম গণজাগরণের
একাত্তরে গণহত্যার দায় অস্বীকার ও যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় বাংলাদেশে পাকিস্তানের দূতাবাস বন্ধের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম।
শুক্রবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মঞ্চের চট্টগ্রাম সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, "পাকিস্তানের যে আচরণ ও মনোভাব তাতে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিক কারণ নেই।"
“বারবার তারা একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করছে এবং যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করছে। তাই অবিলম্বে বাংলাদেশে পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত।”
‘পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে’ এই সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের 'উদ্ধেগ' প্রকাশ করে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনায় সরকারের পক্ষ থেকে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় 'কড়া প্রতিবাদ' জানায়। এরপর পাল্টা ইসলামাবাদে বাংলাদেশি হাই কমিশনারকে তলব বলে 'পাকিস্তান একাত্তরে কোনো যুদ্ধাপরাধ করেনি' বলে দাবি করা হয় দেশটির পক্ষ থেকে।
এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে নগরীর মোমিন রোড ও আন্দরকিল্লা মোড় ঘুরে আবার চেরাগী পাহাড়ে এসে শেষ হয়।
মিছিলে ‘পাকিস্তানি দূতাবাস বাংলাদেশে থাকবে না’, ‘পাকিস্তানি পণ্য বর্জন কর, করতে হবে’, ‘পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কর’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন গণজাগরণের কর্মী-সমর্থকরা।
সমাবেশে চট্টগ্রাম গণজাগরণের সদস্য সচিব চন্দন দাশ বলেন, "আমাদের উচিত পাকিস্তানি পণ্য বর্জন করা এবং তাদের কাছ থেকে পাওনা আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
যুদ্ধাপরাধী পরিবারের কোনো সদস্য যাতে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য সরকারের কাছে আইন প্রণয়ন করার আহ্বান জানান মঞ্চের অন্যতম সংগঠক সুনীল ধর।
সমাবেশে মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, প্রজন্ম একাত্তরের সাধারণ সম্পাদক সলিল চৌধুরী, মঞ্চের সংগঠক আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, উদীচী জেলা শাখার সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় এবং ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈষ্ণবসহ অন্যরা বক্তব্য রাখেন।
