চট্টগ্রামে সূর্যের দেখা নেই, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
দিনভর মেঘলা আকাশ আর ফাঁকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চট্টগ্রামে শীতের জানান দিচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে বন্দর নগরীতে দেখা মেলেনি সূর্যের। বেলা ৩টার দিকে শুরু হয় হালকা বৃষ্টি।
এতে বিঘ্নিত হয়েছে বরিশাল বুলস আর রংপুর রাইর্ডাসের মধ্যেকার বিপিএল ম্যাচ।
বুধবারও দিনভর সূর্য ছিল মেঘের আড়ালে। আর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হালকা বৃষ্টি হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টির পরই শীত নামতে শুরু করবে। চলতি মাসের মাঝমাঝি থেকেই শীত জেঁকে বসতে পারে।
দুই দিনের হালকা বৃষ্টিতেই কমে গেছে চট্টগ্রামে তাপমাত্রা।
মঙ্গলবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে ২৭ ডিগ্রিতে এবং বৃহস্পতিবার আরও দুই ডিগ্রি কমে ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
তবে জেলার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গল ও বুধবার ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। বৃহস্পতিবার এই তাপমাত্রা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নগরীতে শীত তেমন অনুভূত না হলে উপজেলাগুলোতে ভোরে ও রাতে কুয়াশা পড়ছে নিয়মিত।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত ভারতের বিহার অঞ্চলে মেঘ জমেছে। এর কিছু অংশ আমাদের দেশে এসেছে। তার প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।”
মেঘ কেটে গেলে তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীত নামবে, বলেন তিনি।
