২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারার খালে শিশুর লাশ, মিয়ানমারের নাগরিক আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি খাল থেকে নয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।     

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 11:43 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বুধবার রাতে বরুমছড়া এলাকায় তার লাশ উদ্ধারের পরপরই সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) শামীম হোসেন জানান, রাতে একটি খালের কচুরিপানার মধ্য থেকে শিশু সজল খান ওরফে মিয়ার মরদেহ উদ্ধার হয়।

“নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে”

মো. কাশেম (৪৫) নামের আটক ওই ব্যক্তির বাড়ি মিয়ানমারে, তার বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

বরুমছড়া ইউনিয়নের আব্দুর সবুরের ছেলে নিহত সজল স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত। মঙ্গলবার রাত থেকেই সে নিখোঁজ ছিল বলে পরিবার জানিয়েছে।

এএসপি শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে দুই বন্ধুর সঙ্গে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সজল।

“তার সঙ্গে থাকা অন্য দুইজন জানিয়েছে, রাতে তারা খালের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিল। এ সময় কয়েকজন লোক তাদের ধাওয়া করে। তারা দৌঁড়ে পালিয়ে আসে। এর পর থেকে সজলকে পাওয়া যায়নি।”

বুধবার রাতে খালের মধ্যে সজলের লাশ দেখতে পান স্থানীয়রা।

তদন্তের স্বার্থে আটক কাশেমের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

এএসপি জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।