২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিমন্ত্রীর ‘আশ্বাসে’ সার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

কৃষিমন্ত্রীর ‘আশ্বাস’ পেয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

বুধবার দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসার পর চট্টগ্রামের সরকারি-বেসরকারি পাঁচটি সার কারখানা থেকে সার সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা।

বিএফএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম ইউনিটের সভাপতি নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বিএফএ’র চেয়ারম্যান সাংসদ কামরুল আশরাফ খানের সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী টেলিফোনে কথা বলেছেন।

“মন্ত্রী সার ব্যবসায়ীদের হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন। এরপর বেলা ১২টায় আমরা সারাদেশে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিই।”

মোড়কে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বিএফএ।

ধর্মঘটের কারণে বিএফএ’র অধীনে সারাদেশে সাত হাজার সারের ডিলার ও ৪৫ হাজার খুচরা ব্যবসায়ী কারখানা থেকে সার সংগ্রহ বন্ধ রেখোছিল।

চট্টগ্রামে বিএফএ’র সদস্য ডিলারের সংখ্যা তিনশ জন।

২০১০ সালে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করা হয়। এই আইন অনুসারে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক।

পাটের বস্তা ব্যবহার না করলে এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে এ আইনে।

পাটের বস্তা ব্যবহার কার্যকর করতে সোমবার দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।