‘এক হাজার টাকার’ ১০০ নোটের দাম মাত্র ১২ হাজার টাকা
এক হাজার টাকার ১০০টি নোটের মূল্যমান এক লাখ টাকা হলেও মাত্র ১২ হাজার টাকায় তা বিক্রি হচ্ছে চট্টগ্রামে, কারণ এর সবই জাল নোট।
মঙ্গলবার রাতে বন্দর নগরীতে এক হাজার টাকার ১০০টি জাল নোটসহ গ্রেপ্তার তিনজনের কাছ থেকে এই তথ্য মিলেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলাম ওরফে সাজু সেন (৪১), জাহেদুল আলম (২২) ও শাহেদুল আলম (১৮)। তারা নোট জালিয়াত চক্রের সদস্য বলে পুলিশের দাবি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চক্র মূলত নিম্ন আয়ের লোকজন বিশেষ করে জেলে সম্প্রদায়কে জাল নোট প্রচলনের ‘টার্গেট’ করে।
গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, এক হাজার টাকার নীলচে রঙের নোটগুলো ঢাকায় তৈরি হয়। আর লাল নোটগুলো তৈরি হয় চট্টগ্রামে।
“ঢাকায় তৈরি নীল রঙা নোটগুলো এক লাখ টাকা ১২ হাজার টাকায় এবং চট্টগ্রামে তৈরি লাল নোটগুলো এক লাখ টাকা সাত হাজার টাকায় সংগ্রহ করে কয়েক হাজার টাকা বেশি দামে বিক্রি করে থাকে।”
এই চক্রটির আরও কয়েকজনের নাম গোয়েন্দা পুলিশের হাতে এসেছে জানিয়ে নাজমুল বলেন, “কয়েকমাস আগে নগরীতে গ্রেপ্তার এক যুবকের কাছ থেকে উদ্ধার করা টাকার সিরিয়াল নম্বরের সাথে গত রাতে উদ্ধার করা টাকার একটি সিরিয়াল মিলেছে।
“ধারণা করছি, ওই চক্রটির সাথে এদের একটা সম্পৃক্ততা আছে।”
পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, ধর্মান্তরিত মনিরুল পিরোজপুরের কাউখালী উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রামের হাটহাজারীতে থাকেন।
জাল নোটের মামলায় মনিরুল পাঁচ বছর সাজা খেটে ছয় মাস আগে ছাড়া পেয়েছেন।
কারাগার থেকে ছাড়া পেয়ে মনিরুল পুনরায় এই পেশায় জড়িয়ে পড়েন জানিয়ে পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, “ছাড়া পাওয়ার পর গত ছয় মাসে মনিরুল সাত লাখ টাকার জাল নোটের ব্যবসা করেছে বলে আমাদের জানিয়েছে।”
জাহেদুল ও শাহেদুল সহোদর। তারা দুই ভাই জাল নোট বিক্রির সঙ্গে জড়িত বলে জানান তিনি।
পুলিশ জানায়, মনিরুল রাতে জাহেদুল ও সাহেদুলের কাছ থেকে অক্সিজেন এলাকায় টাকা বিক্রি করতে এসেছিল।
