চট্টগ্রামের কোস্ট গার্ড-র্যাব পেল 'সার্চ অ্যান্ড রেসকিউ' বোট
চট্টগ্রামে উপকূলীয় ১২ জেলাসহ কোস্ট গার্ড ও র্যাবকে ১৬টি মেরিন বোট দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বুধবার চট্টগ্রামের ইছানগরে কোস্টগার্ড বেস মৎস্য বন্দরে এসব বোট হস্তান্তর করেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
১৬টি বোটের মধ্যে কোস্ট গার্ডকে তিনটি ও র্যাবকে একটি করে মোট চারটি ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ বোট এবং উপকূলীয় ১২টি জেলার প্রশাসনে ১২টি ‘স্মল মেরিন বোট’ দেওয়া হয়।
বোট হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী মায়া বলেন, “বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতে চায়। এজন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি রেসকিউয়ের আধুনিক যন্ত্রপাতিও সংগ্রহ করছে।”
‘সার্চ অ্যান্ড রেসকিউ’ বোট কোস্ট গার্ড ও র্যাবের সঙ্গে যুক্ত হওয়ায় নৌ পথে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং জলদস্যু ও সন্ত্রাসী কার্যক্রম রোধে এ দুই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
আর উপকূলীয় জেলাগুলোকে দেওয়া ১২টি স্মল মেরিন বোট উপকূলীয় এলাকার যেকোন দুর্যোগ ও বিপদকালীন সময়ে জনগণের সেবায় ভূমিকা রাখবে বলে আশা করেন আওয়ামী লীগ নেতা মায়া।
কোস্ট গার্ডের পক্ষে পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলাম, র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বাহিনীর পক্ষে মন্ত্রীর কাছ থেকে 'সার্চ অ্যান্ড রেসকিউ' বোটগুলো বুঝে নেন।
এছাড়া চট্টগ্রামসহ উপকূলীয় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার জেলা প্রশাসনের পক্ষে তাদের প্রতিনিধিরা বোট গ্রহণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ আলম, বাংলাদেশ কোস্টগার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম ইয়াহিয়া বক্তব্য রাখেন।
