২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি রেকর্ড রুম ডিজিটালাইজেশনে চট্টগ্রামে প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম জেলার এক হাজার ৬৪টি মৌজার প্রায় ৪০ লাখ খতিয়ান ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্টদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2015, 11:11 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. খলিলুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর নতুন কিছু নয়। প্রশাসনসহ রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। ফলে উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, কিছু দালাল শ্রেণির লোক খতিয়ান সংগ্রহ ও মিউটেশনে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নেয়। কিন্তু রেকর্ড রুম ডিজিটালাইজড হয়ে গেলে এধরনের আর কোনো ঝামেলা থাকবে না। সময়, শ্রম ও অর্থ সবই রক্ষা পাবে।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে মোট এক হাজার ৬৪টি মৌজার খতিয়ানের সংখ্যা প্রায় ৪০ লাখ। এসব রেকর্ড শতবর্ষী। এগুলো সংরক্ষণ খুব জরুরি।

“একারণে ডাটা এন্ট্রির মাধ্যমে এ খতিয়ানগুলো সংরক্ষণ করা হবে। ডাটা এন্ট্রি নির্ভুল করতে এই প্রশিক্ষণ।”

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াস হোসেন বলেন, চট্টগ্রামের ১৪ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ১৪ জন টেকনিশিয়ান, প্রতি উপজেলায় ডিজিটাল সেন্টারের একজন করে উদ্যেক্তা এবং রকের্ড রুমের ১৮ জন কর্মচারীকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

“পরবর্তীতে ধারাবাহিকভাবে উপজেলা পর্যায়ের সব উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেয়া হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আবেদন করে মানুষ খতিয়ান সংগ্রহ করতে পারবে।”

রেকর্ড রুমের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডাটা এন্ট্রি শুরু হবে। চলতি অর্থ বছরের মধ্যে এক লাখ খতিয়ানের ডাটা এন্ট্রির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

“ইউনিয়ন পর্যায়ে আবেদন করে খতিয়ান সংগ্রহে সম্ভাব্য খরচ পড়বে মাত্র দুইশ টাকা।”

সোমবার শুরু হওয়া প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছেলেন ভূমি মন্ত্রণালয়ের কম্পিউটারাইজেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ সচিব) আকমল হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মো. ফজলুর রহমান ও প্রোগ্রামার মো. ইলিয়াস হোসেন।