চট্টগ্রামে খুনের দায়ে দম্পতির ফাঁসির আদেশ
চট্টগ্রামের মিরসরাইয়ে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা বেগম।
দুই আসামিই জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান।
তিনি বলেন, “জন নিরাপত্তা আইনের ৩০২ ধারায় অভিযোগ প্রমাণ হওয়ায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামিকে প্রাণদণ্ড দিয়েছে।”
২০০৫ সালের ১১ নভেম্বর নিহত হন মিরসরাই উপজেলার পাতাকোট গ্রামের আবুল কালাম।
আইনজীবী জাহাঙ্গীর জানান, আবুল কালাম ছোট ভাই নূর মোহাম্মদের বিরুদ্ধে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগে একটি মামলা করেছিলেন। ওই মামলায় নূর মোহাম্মদকে জেলও খাটতে হয়। এর জেরেই হত্যাকাণ্ডটি ঘটে।
“ঘটনার দিন বিকাল ৪টার দিকে বোন সালমা খাতুনের বাড়ি থেকে ফেরার পথে আবুল কালামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নূর ও রহিমা। কালামের লাশ পুকুরে ফেলার সময় সালমা তা দেখে ফেলেন।”
ওইদিনই নিহতের স্ত্রী আনোয়ারা বেগম একটি মামলা করেন।
তদন্ত শেষে ২০০৬ সালে ২ জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১০ সালে ১৮ মে দুই আসামির বিচার শুরু হয়।
