ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন চার পুলিশ
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানার চার সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তারা হলেন- এসআই আলমগীর হোসেন, এএসআই হারুন অর রশিদ, কনস্টেবল ছালেহ উদ্দিন ও কনেস্টেবল সুজিত দে।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশে তাদেরকে প্রত্যাহার করা হয় বলে জানান উপ-কমিশনার (পশ্চিম) সঞ্জয় কুমার কুণ্ডু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ কর্মকর্তা সঞ্জয় বলেন, গত ৭ অক্টোবর রাতে নগরীর মনসুরাবাদ এলাকায় ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে পুলিশের হাতে ইয়াবাসহ আটক হন ব্যবসায়ী নুরুল আলম চৌধুরী।
তিনি বলেন, বিষয়টি সাজানো দাবি করে তিনি পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেন। কমিশনারের নির্দেশে তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তাদেরকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপ-কমিশনার সঞ্জয়।
