২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচার যে হয় তা দেখে গেলাম’

মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের ত্রাস যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় ‘মানবতার জয় হয়েছে’ বলে মন্তব্য করেছেন একাত্তরে নগরীর গুডস হিলে নির্যাতনের শিকার ম. সলিমুল্লাহ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 06:16 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

যুদ্ধাপরাধী সাকা ও জামায়াত নেতা মুজাহিদের দণ্ড পুর্নবিবেচনার আবেদন খারিজ হওয়ার প্রতিক্রিয়ায় বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি।

স্বাধীনতার পর দীর্ঘ ৪৪ বছরের প্রতীক্ষার অবসান হয়েছে মন্তব্য করে সলিমুল্লাহ বলেন, “আমার মতো অনেকে মরে গেছে। আমি বেঁচে আছি। বিচার যে হয় তা দেখে গেলাম। আমার আত্মার তৃপ্তি পেল। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা।”

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রাখে।

নিয়ম অনুযায়ী তারা এখন কেবল নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। এ বিষয়টির নিষ্পত্তি হলে সরকার দণ্ড কার্যকর করবে। 

দণ্ড কার্যকরে সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় সন্তুষ্ঠি প্রকাশ করে ম. সলিমুল্লাহ বলেন, “শুধু ক্ষমা ভিক্ষা বাকি। মানবতাবিরোধী অপরাধের ক্ষমা হয় না। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আমরা অপেক্ষায় ছিলাম। শহীদ মুক্তিযোদ্ধা ও নির্যাতিতদের আত্মা শান্তি পাবে।

“শেষ মুহূর্তেও সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষের লোকজন পাকিস্তান থেকে সনদ এনে জালিয়াতির চেষ্টা করেছে। তারা সফল হয়নি। পৃথিবীব্যাপী মানুষের জয় হয়। আজ মানবতার জয় হয়েছে।”

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন গুডস হিলে নির্যাতনের শিকার ম. সলিমুল্লাহ। বর্তমানে হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশার মতিউল আলম হাট এলাকার বাড়িতে স্ত্রীকে নিয়ে অবসর জীবন কাটাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সলিমুল্লাহ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা অনাদি অনন্তকাল থাকবে। এ রায়ের পর মনে হচ্ছে, এই সংগ্রামে আমিও যে ক্ষুদ্রাতিক্ষুদ্র অবদান রাখতে পেরেছি এটাই আমার জীবনের পরম প্রাপ্তি। এটাই শান্তি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রিভিউ খারিজের পর নগরীর চেরাগী পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে অংশ নিতে ছুটে আসেন ট্রাইব্যুনালের আরেক সাক্ষী ও একাত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর হামলাকারী মুক্তিযোদ্ধা দলের অন্যতম সদস্য কাজী নূরুল আবছার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা তাকে (সাকা চৌধুরী) একাত্তরে মারতে চেয়েছিলাম। আমি অতীতেও ঝুঁকিতে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও ঝুঁকিতে থাকব। আমি তার ফাঁসি কার্যকর দেখে যেতে চাই।”

একাত্তরে গুডস হিলে মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে নির্যাতনের কথা তুলে ধরে নূরুল আবছার বলেন, “নির্যাতনকারীদের মূল হোতা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। আর মূল নির্যাতন কেন্দ্র ছিল গুডল হিল। ”

তাই গুডস হিল দ্রুত বাজেয়াপ্ত করে সেখানে মুক্তিযুদ্ধের জাদুঘর নির্মাণের জন্য জানান সরকারের কাছে দাবি জানান এই মুক্তিযোদ্ধা।