২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামের বিভ্রান্তি: ‘এ’ পজিটিভের শরীরে ‘ও’ পজিটিভ রক্ত

চট্টগ্রাম নগরীর জেমিসন রেডক্রিসেন্ট সোসাইটির রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে এক রোগীকে ‘এ’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘ও’ পজিটিভ রক্ত দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 08:38 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

মঙ্গলবার দুপুরের এই ঘটনার শিকার চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা মরিয়ম বেগমকে (৬০) পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ‘ও’ সর্বজনীন দাতা গ্রুপ হওয়ায় মরিয়ম প্রাণে বেঁচে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রেডক্রিসেন্ট রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের দায়িত্বে থাকা ডা. মিনহাজ উদ্দিন তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই সময়ে একই নামের দুজন রোগী থাকায় এ ভুল হয়েছে।

“পরে চমেকে গিয়ে আমি রোগীকে দেখে এসেছি। রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ হওয়ায় তার শারীরিক কোনো সমস্যা হবে না। তিনি ভালো আছেন।”

মরিয়মের দেবর জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চমেকের চিকিৎসকরাও বলেছেন ‘ও’ পজিটিভ হওয়ায় সমস্যা হবে না। তবে অন্য কোনো গ্রুপের রক্ত হলে ভাবি মারাও যেতে পারতেন।”

মরিয়ম কিডনি জটিলতায় আক্রান্ত। তার রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ। তাকে রক্ত দিতে এক স্বজন আন্দরকিল্লার জেমিসন রেডক্রিসেন্ট সোসাইটির রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে এক ব্যাগ রক্ত দিয়ে যান। 

জসিম বলেন, “ওই আত্মীয় রক্ত দিয়ে যাওয়ার পর কেন্দ্রের লোকজন এক ব্যাগ ‘ও’ পজিটিভ রক্ত আমার ভাবির শরীরে দেয়। তখন আমরা বিষয়টি কেন্দ্রের চিকিৎসক ও অন্য লোকজনকে জানাই।”

মরিয়ম বেগম নামে অন্য একজন রোগীও সেসময় সেখানে ছিলেন বলে জসিম জানান।

“তার রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। কেন্দ্রের লোকজন আইডি না মিলিয়ে ভাবিকে ওই রোগীর জন্য সংগৃহীত রক্ত দিয়ে দেয়।”

এ ঘটনা জানাজানি হওয়ার পর রোগীর স্বজনার ওই কেন্দ্রে গিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে সবাইকে শান্ত করে।