পটিয়ায় অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়া উপজেলার লাখেরাও গ্রাম থেকে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তাররা হলেন- আব্দুর রউফ ওরফে ভুট্টো (৪৫), জাহাঙ্গীর আলম খোকন (৩৭), তৈয়ব আলী (২৬) ও রেজাউল করিম (৫০)।
সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব-৭ এর এএসপি আমিরুল্লার সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাখেরাও গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে, রোববার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ওই চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুইটি গুলি, একটি রামদা, ছয়টি মোবাইল ফোন সেট, একটি মোটর সাইকেল এবং ৩১ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।
আসামিদের উদ্ধার করা অস্ত্রসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
