২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাকা-মুজাহিদের ফাঁসি ঠেকাতে হত্যায় বিএনপি-জামায়াত’

বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য বিএনপি ও তার জোটসঙ্গী জামায়াতে ইসলামীর দিকে অভিযোগ তুলে শাহরিয়ার কবির বলেছেন, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকর ঠেকাতে তারা এসব করছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বৃহস্পতিবার চট্টগ্রামে এক আলোচনা সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, “দুই প্রধান যুদ্ধাপরাধী বিএনপির সাকা চৌধুরী (সালাউদ্দিন কাদের) ও জামায়াতের আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড ঠেকাতে বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে বহুমাত্রিক যুদ্ধ করছে।

“তারা গেরিলা কায়দায় চোরাগোপ্তা আক্রমণ করে একের এক পুলিশ, মুক্তচিন্তার লেখক, প্রকাশক ও ব্লগারদের হত্যা করছে। আর এসবের পিছনে মদদ দিচ্ছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই।”

সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ‘প্রধান এজেন্ট’ বলেও দাবি করেন শাহরিয়ার কবির।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য ব্যক্তির পাশাপাশি দলের বিচার দাবি করে তিনি বলেন, “যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত এবং পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারও অবিলম্বে আরম্ভ করতে হবে।”

বন্দর নগরীর স্টুডিও থিয়েটারে ‘যুদ্ধাপরাধীদের বিচার এবং চলমান সন্ত্রাস: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শিরোনামে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শাহরিয়ার কবির।

কমিটির উপদেষ্টা সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, “জাহানারা ইমাম তার সময়ের তরুণ প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস এবং একাত্তরে যে বিরাট যুদ্ধাপরাধ হয়েছিল তা মনে করিয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন।

“যুদ্ধাপরাধীদের মদদে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের যে বিকৃতি ঘটেছে তা সংশোধন করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।”

যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা আহ্বায়ক সীমান্ত তালুকদার।  

সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাবুদ্দিন, নারী নেত্রী নূরজাহান খান, অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী মোরশেদ আনোয়ার বক্তব্য রাখেন।