বাকলিয়ায় শিবিরের ৪ নেতাকর্মী আটক
‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া থেকে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে বিএড কলেজ এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
আটকরা হলেন- ১৭ নম্বর চকবাজার ওয়ার্ড ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মো. মাঈনুদ্দিন সিফাত (২০) ও সংগঠনের কর্মী খায়রুল আবেদীন রনি (২১), ফারহান নাছির (১৮), আব্দুল কাইয়ূম (১৮)।
খায়রুল সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ, ফারহান ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং কাইয়ূম চট্টগ্রাম বিজ্ঞান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানান তিনি।
ওসি মহসিন জানান, ‘নাশকতার পরিকল্পনায়’ শিবিরকর্মীরা ‘বৈঠক’ করছে এমন তথ্যের ভিত্তিতে ওই মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
“ওই মেস থেকে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাগজপত্রও উদ্ধার করা হয়েছে।”
আটকরা বিভিন্ন সময়ে বাকলিয়াসহ নগরীর বিভিন্ন এলাকায় নাশকতায় জড়িত ছিল ওসি জানান।
