অবৈধ ৪০ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম রেলের
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলক্রসিং ও দেওয়ানহাট ওভার পাসের নিচে রেললাইন থেকে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষোলশহর রেলক্রসিংয়ের পাশে মোট ২৪টি অবৈধ ভাসমান দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া দেওয়ানহাট ওভারপাসের নিচ থেকে বাকি স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
“অভিযানে মোট দেড় একর জমি উদ্ধার হয়েছে,” বলেন তিনি।
অভিযানে পুলিশ, র্যাব, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিজিবি সহায়তা করে।
উচ্ছেদের আগে মাইকিং হয়েছিল বলে জানান রেলওয়ে কর্মকর্তা ইশরাত রেজা।
