২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চলচ্চিত্র উৎসব শুরু

চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা সুপ্রভাত বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শুরু হয়েছে তিনদিনের চলচ্চিত্র উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন।দেশি-বিদেশি মোট ১৫টি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।

রাজনীতি করলেও ‘মেধা, মগজে-মননে’ নিজেকে এখনো সংস্কৃতিকর্মী দাবি করলেন কবরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নিজস্ব সংস্কৃতি চর্চা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। বর্তমানে সাংস্কৃতিক অঙ্গনে যে বন্ধ্যাত্ব চলছে তা ঘোঁচাতে হলে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।”

সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন বলেন, “সংস্কৃতি চর্চার অভাবে আমরা নিজেদের চিনতে পারছি না। চট্টগ্রামবাসী ভুলতে বসেছে ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ বহু আন্দোলনের সূতিকাগার এই শহর।”

অনুষ্ঠানের আয়োজক সুপ্রভাত বাংলাদেশের সহকারী সম্পাদক কামরুল হাসান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকে বেগবান করতে আমরা এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছি।”

তিনদিনের এই উৎসবের প্রথম দিনে দেখানো হয় ভারতের ছবি ‘নায়ক’ ও ইতালির ছবি ‘বাই সাইকেল থিফস’।