ভুয়া সত্যায়নের অভিযোগে চবির দুই শিক্ষার্থীকে জরিমানা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছুদের বিভিন্ন কাগজপত্রে ভুয়া সত্যায়নের অভিযোগে দুই ছাত্রকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- হাসান শরীফ ও নাসির উদ্দিন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও বুদ্ধিজীবী চত্বর এলাকা থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. নিয়াজ মোর্শেদ বলেন, ক্যাম্পাসের জিরো পয়েন্ট ও বুদ্ধিজীবী চত্বর এলাকায় ভর্তি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া সত্যায়ন করছিল তারা। এসময় পুলিশের সহায়তায় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হয়।
হাটহাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে আড়াই হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানালেও তারা কোন বিভাগের শিক্ষার্থী তা জানাতে পারেনি সহকারী প্রক্টর।
