কর্ণফুলীর তীরে অবৈধ ডক ইয়ার্ড ও জেটি বন্ধ
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা একটি ডক ইয়ার্ড ও একটি জেটি বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
ফাইল ছবি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম বুধবার কর্ণফুলীর তীরে এ অভিযান পরিচালনা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর পাশেই বিনা অনুমতিতে ডকইয়ার্ড বানিয়ে মাছ ধরার নৌযান তৈরির অপরাধে হাজী আবদুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।পাশাপাশি এক সপ্তাহের মধ্যে ডক ইয়ার্ডটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া শিকলবাহা এলাকায় নদীতীরে অবৈধভাবে জেটি বানিয়ে পণ্য খালাস ও পরিবহনের অপরাধে জাহাঙ্গীর মেম্বার ও আব্দুস সাত্তারকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেটি অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এছাড়া ওই জেটিতে পণ্য খালাস করায় লাইটার জাহাজ শেখ এন্টারপ্রাইজকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
অভিযানে বন্দরের নিজস্ব আনসার বাহিনী,প্রসিকিউশন বিভাগ,পোতাশ্রয় বিভাগ ও এস্টেট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
