চট্টগ্রামে গার্মেন্টে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের পাহাড়তলীর একটি গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার পাহাড়তলী থানার ট্রাংক রোড এলাকার ‘ট্রিম লেবেল’ গার্মেন্টের এই আগুনে কারখানার যন্ত্রাংশ পুড়লেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৬টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ‘ট্রিম লেবেল’ গার্মেন্টে আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে কারখানার প্রায় ২ লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
