২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতের নিরাপত্তায় বিজিবির ডগ স্কোয়াড

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 02:56 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চলের অতিরিক্ত পরিচালক মেজর সাব্বির আহমেদ জানান, মঙ্গলবার দুপুর থেকে বিমানবন্দরের ভেতরে ডগ স্কোয়াডের তল্লাশি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিমানবন্দরের চলমান নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করতে ডগ স্কোয়াড আনা হয়েছে।”

যাত্রী ও তাদের লাগেজসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় ডগ স্কোয়াড ব্যবহৃত হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

চট্টগ্রাম বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমারাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই স্কোয়াডে বিজিবির প্রশিক্ষিত দুটি কুকুর রয়েছে। এগুলি অস্ত্র, মাদক ও বিস্ফোরক শনাক্ত করতে সক্ষম।

বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে বিজিবির ডগ স্কোয়াড কাজ করবে বলে জানান তিনি।

সম্প্রতি দুই বিদেশি হত্যা ও ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলায় একজনের মৃত্যুর পর ঢাকা ও চট্টগ্রামসহ বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।