২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ক্যাথলিকদের ‘অল সোলস ডে’ পালন

মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় ফুলের পাপড়ি ছিটিয়ে, আগরবাতি ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে ‘অল সোলস ডে’ পালন করেছে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:46 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

সোমবার নগরীর পাথরঘাটার ক্যাথলিক গির্জা সংলগ্ন সমাধিস্থলে হাজির হয়েছিলেন প্রায় সহস্রাধিক ক্যাথলিক।

এ সময় প্রতিটি সমাধিতে ফুলের পাপড়ি, আগরবাতি ও মোমবাতি প্রজ্জ্বলন করে মৃত আত্মার শান্তি কামনায় অংশ নেন স্বজনেরা।

গির্জার প্রধান বিশপ মোজেস এম কস্তা সমবেতদের ‍উদ্দেশে বলেন, জীবিতকালে যাদের ভালোবেসেছি, মৃত্যুর পর যেন আমরা তাদের ভুলে না যাই।

যুদ্ধে ও সংঘাতে যারা নিহত হয়েছেন তাদের আত্মাও যেন অনন্ত শান্তি লাভ করে সে প্রার্থনাও করেন বিশপ এম কস্তা।

সমাধিতে দাদাকে স্মরণ করতে আসা দীপিকা গঞ্জালেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছরই আসি দাদার আত্মার শান্তি প্রার্থনা করতে। শুধু মৃত আত্মা নয়, ঝঞ্ঝাবিক্ষুদ্ধ এ পৃথিবীতে জীবিতদেরও যেনো জগতপিতা ভালো রাখেন সে প্রার্থনা করেছি।”

চূড়ান্ত প্রার্থনা শেষে উপস্থিত সবাই পাদ্রিদের কাছ থেকে সারিবদ্ধভাবে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করেন।