২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর চুয়েটে হল ছাড়ার নির্দেশ

ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 03:25 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

ছাত্রদের সোমবার বিকাল ৫টার মধ্যে এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে আধিপত্য বিস্তারের চেষ্টায় ‘ছাত্রদের দুটি পক্ষ’ সংঘর্ষে জড়ায়।

“এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।”

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।

নাম প্রকাশ না করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তানভীর অনুসারীদের সঙ্গে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি নাহেদ পারভেজ লাফছুর কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে উভয়পক্ষের কর্মীরা সোমবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রদের দুইপক্ষ, যারা নিজেদের ছাত্রলীগ বলে দাবি করে।

” একপক্ষ অন্যপক্ষের এক শিক্ষার্থীকে মারধর করায় শনিবার রাতে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি রোববার মীমাংসা করে দেওয়ার পরও আজ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।”