১৬ হাজার স্মার্টফোনসহ কন্টেইনার জব্দ
চট্টগ্রাম বন্দরে প্রায় ১৬ হাজার স্মার্টফোন সেটসহ একটি কন্টেইনার জব্দ করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার সকালে বন্দরের ইয়ার্ডে থাকা একটি কন্টেইনারের কায়িক পরীক্ষা শেষে সেটগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগে উপ-পরিচালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কন্টেইনারটিতে ‘গ্রেটেল’ নামে ১৫ হাজার ৭৫০টি মোবাইল সেট ছিল। নোহা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান চীন থেকে সেটগুলো আমদানি করে।
“বিদেশ থেকে মোবাইল সেট আমদানি করতে হলে বিটিআরসির অনুমতির দরকার হয়। প্রতিষ্ঠানটির কাছে এ ধরনের কোনো অনুমতিপত্র ছিল না।”
গত মাসের মাঝামাঝি সময়ে মোবাইলগুলো আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “মোবাইল সেটগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।”
প্রতিষ্ঠানটি কাস্টমসের বিল অব অ্যান্ট্রিতেও প্রতিষ্ঠানটি জালিয়াতি করেছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জাকির।
