অটোরিকশার আসনের নিচে ২০ হাজার ইয়াবা
চট্টগ্রামের কর্ণফুলীর বাদামতলা এলাকায় একটি অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে এসব ইয়াবা উদ্ধার করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গহিরার দিক থেকে অটোরিকশাটি নগরীর দিকে যাচ্ছিল। বাদামতলা এলাকায় তল্লাশি চৌকি দেখতে পেয়ে একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে চালক নেমে দৌড়ে পালিয়ে যায়।”
পরে অটোরিকশার চালকের আসনের নিচে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি রফিকুল।
