চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ও প্রায় দুই লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- মো. আলমগীর (৩৬) ও মো. আইয়ূব আলী (৩৫)।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক উৎপল বড়ুয়া জানান, শনিবার রাতে চকবাজারের আমিরবাগ আবাসিক এলাকার রওশন মঞ্জিলের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এরা দুজন মাদক বিক্রেতা। বৈদ্যুতিক মিটার, সাউন্ড বক্স এবং ওজন মাপার মেশিনের ভেতরে বিশেষভাবে মাদক লুকিয়ে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে। তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির এক লাখ ৮০ হাজার টাকাও উদ্ধার করা হয়।”
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা নগরীর খুলশী, চট্টেশ্বরী রোড ও আমিরবাগে বাসা নিয়ে ইয়াবা বিক্রি করে আসছিল।
তিনি বলেন, আলমগীর নিজেকে কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে ইয়াবা বিক্রি করে থাকে।
আর আইয়ুবের পূর্ব পুরুষ মায়ানমার নাগরিক ছিলেন বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
