২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ছয়

চট্টগ্রামে দুই মাস আগে ১১ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের মাধ্যমে বুধবার তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- আনিস (২৬), ফয়সাল (২৪), সোহেল (২২), সেলিম (২৩), ইয়াসিন (২৪) ও শিহাব (২৫)।

মঙ্গলবার গভীর রাতে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই জাহিদুল কবীর।

কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনার তদন্ত করতে গিয়ে আসামিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আনিস ও ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “আদালত ওই ছয় জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।”

তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত তালা খোলার যন্ত্র, দুটি ছোরা, কাটার, হাতুড়ি উদ্ধার করা হয়েছে জানিয়ে কবীর বলেন, “তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি।”

এই দলে মাইনুল, আরাফাত, অভি, শাওন, নাজিম, ইমতিয়াজ, ফারুক, টাইগার অমিত, আসিফসহ আরও কয়েকজন যুক্ত ছিল জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

গত ১৭ অগাস্ট দুপুরে নগরীর শাহ আমানত মার্কেটের সামনে ইউসিবি ব্যাংক থেকে টাকা তুলে পশের আইএফআইসি ব্যাংকে জমা দেওয়ার সময় কাজীর দেউরী এলাকার টাইলস বিক্রয় প্রতিষ্ঠানের কর্মচারী মহিউদ্দিনকে ছুরিকাঘাত ও মারধর করে ১০ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় কর্ণফুলী টাইলসের মালিক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা করেন।

সেসময় পুলিশ জানিয়েছিল, ১২-১৩ জন ছিনতাইকারীর একটি দল এক সপ্তাহ আগে থেকে ব্যাংকে নজরদারি করে টাইলসের দোকানের কর্মচারী মহিউদ্দিনকে টার্গেট করে। পরে ১৭ অগাস্ট তাকে মারধর এবং ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।

দলটি নগরীর জামালখান, সাব এরিয়া, চেরাগী পাহাড়, জেএম সেন হল এলাকায় আট-দশটি ছিনতাই সংগঠিত করেছে বলেও জানিয়েছিলেন কোতোয়ালি থানা পুলিশের কয়েকজন কর্মকর্তা।