২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসককে কুপিয়ে জখম: হত্যাচেষ্টা মামলা

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়ায় বাড়িতে ঢুকে চিকিৎসককে কুপিয়ে জখমের ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:56 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার দুপুরে মামলাটি করেন আহত চিকিৎসক ডা. তারেক শামসের বাবা ডা. ক্যাপ্টেন শামসুল আলম।

হালিশহর থানার ওসি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাতপরিচয়ের দুই জনকে আসামি করে মামলাটি হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা করছি।”

আহত চিকিৎসক এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলেও জানান এসআই রানা।

সোমবার ভোরে রঙ্গিপাড়ায় নিজের বাড়ির নিচ তলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসক (মেডিসিন ) তারেক।

আহত ডা. তারেক চট্টগ্রামের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. ক্যাপ্টেন শামসুল আলম ও আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলমের ছেলে। রঙ্গিপাড়ার দুই তলা বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তারেক। ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।

ভবনের মূল ফটকে তালা দেওয়া থাকলেও ঘটনার পর ভবনের ছাদের দরজা খোলা পায় পুলিশ।

ফজরের নামাজের পর স্থানীয়রা তারেককে বাড়ির সীমানায় রক্তাত অবস্থায় পায়। দুর্বৃত্তরা তার হাত, বুক ও মাথায় কুপিয়ে জখম করলেও ঘরের কোনো জিনিসপত্র নিয়ে যায়নি।

ঘটনাস্থল থেকে একটি ছোরা, একটি রামদা এবং ভবনের মূল ফটকের কাছ থেকে ডা. তারেকের একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।