পার্বত্যাঞ্চলে স্কুল জাতীয়করণে দেরিতে ক্ষোভ সংসদীয় কমিটির
দীর্ঘদিন পেরিয়ে গেলেও পার্বত্য তিন জেলার ২২৮টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয় বলে জানানো হয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে কমিটি পার্বত্য এলাকার ২২৮টি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন অতিক্রম হওয়া সত্ত্বেও জাতীয়করণের অন্তর্ভুক্ত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে পরবর্তী বৈঠকে অবহিত করা জন্য সুপারিশ করে।”
এছাড়া বৈঠকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তের জন্য কমিটির সদস্য এম এ আউয়ালকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশও করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কমিটির সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম এবং এম এ আউয়াল অংশ নেন।
