২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ যুবক গ্রেপ্তার, ‘চোরাই’ মোবাইল ও সিম উদ্ধার

চট্টগ্রামের বাকলিয়ায় ‘চোরাই’ মোবাইলসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা নগরীর বিভিন্ন এলাকায় দোকানের তালা ভেঙে মালামাল চুরি করতেন বলে স্বীকার করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

রোববার সকালে মাস্টারপুল বৌ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মোশারফ হোসেন (২৪), মো. খোকন (২২) ও মো. বাপ্পি (২৪)। সবার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তারা থাকেন বৌ বাজার এলাকায়।

“এদের একজনের বাড়ি থেকে আটটি চোরাই মোবাইল ও বিভিন্ন ধরনের ৪০টি সিমও উদ্ধার করা হয়েছে,” বলেন ওসি।

তিনজনই নগরীর বিভিন্ন এলাকায় তালা কেটে দোকানের মালামাল চুরির সঙ্গে জড়িত বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

“পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোশারফের বাসা থেকে বিভিন্ন ব্রান্ডের আটটি মোবাইল ফোন ও বিভিন্ন্ অপারেটরের ৪০টি সিম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গত ২, ৬ ও ১২ অক্টোবর বহদ্দারহাট হালিশহর ও কর্ণেল হাট এলাকার তিনটি মোবাইলের দোকান থেকে এসব মোবাইল ও সিমগুলো তারা চুরি করেছে।”

এছাড়া গত ১৪ অক্টোবর বাকলিয়া এলাকার সিঙ্গারের শো-রুমের তালা ভেঙে চুরির চেষ্টা করে এবং জিসান এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে নগদ টাকা চুরি করেছে বলেও তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে জিসান এন্টারপ্রাইজের মালিক শাহনূর ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছে বলেও ওসি মহসিন জানান।