সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে আগুনে ৩ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়ায় একটি শিপ ইয়ার্ডে আগুনে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টায় বার আউলিয়ার এসএ এন্টারপ্রাইজ নামের শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে বলে জাহাজ ভাঙা শ্রমিকদের একটি সংগঠন জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি শিপ ইয়ার্ডে আগুনে তিন শ্রমিক আহত হয়েছে বলে শুনেছি। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।”
আহত তিন শ্রমিক হলেন আমিনুর, রাসেল ও খায়রুল। তিনজনই মাগুরা জেলার শহরশিদা গ্রামের বাসিন্দা।
জাহাজ-ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিপ ইয়ার্ডটিতে জাহাজের পুরনো পেট্রোল ট্যাংক কাটার সময় আগুন ধরে যায়।
“এতে ইয়ার্ডে কর্মরত তিনজন দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।”
আহত শ্রমিকদের দেখতে বুধবার দুপুরে হাসপাতালের বার্ন ইউনিটে যান জাহাজ-ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের নেতারা।
বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে আমিনুরের অবস্থা গুরুতর। তার শ্বাসানালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দুজনের শরীরের ২০ শতাংশের মত দগ্ধ হয়েছে।
