চট্টগ্রামে এক আয়ুর্বেদিক ওষুধ কারখানাকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে ওষুধ উৎপাদন করায় এক আয়ুর্বেদিক কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর চাঁন্দগাও থানার নাজিরপাড়া এলাকার ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ওষুধও জব্দ করে আদালত।
জব্দ ওষুধ ধ্বংস করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে ওষুধ উৎপাদন করায় কারখানা মালিক অভিজিৎ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”
শামসুজ্জামান জানান, নাজিরপাড়ার এপিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে ওষুধ উৎপাদন করছে। তবে ২০১১ সালের পর থেকে প্রতি্ষ্ঠানটি লাইসেন্স হালনাগাদ না করেই ওষুধ উৎপাদন করে আসছিল।
