চট্টগ্রামে ১,৮০০ ইয়াবাসহ টেকনাফের ৩ জন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে দুটি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৮৫০টি ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- ইউসুফ (৩৭), ইদ্রিস মিয়া (২৫) ও জকিরুল ইসলাম (১৮)। এরা টেকনাফের কাটাখালী ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার গভীর রাতে পুলিশ বাকলিয়া এলাকায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদরঘাট এলাকা থেকে এদের গ্রেপ্তার করে।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ২টার দিকে বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা ‘ইউনিক পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ইউসুফের কোমড়ে লুকানো ৮৫০টি ইয়াবা পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে সদরঘাট এলাকার ডিলাইট হোটেলে ইয়াবা সরবরাহ করতে আসে ইদ্রিস ও জকিরুল।
“ক্রেতা সেজে ইদ্রিসের কাছ থেকে ৮০০ এবং জকিরুলের কাছ থেকে ২০০ ইয়াবা পাওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়।”
এদিকে বাকলিয়ায় চার ইয়াবা বিক্রেতা ও সেবনকারীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নগরীর পূর্ব বাকলিয়া ও রাজাখালী এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তারের পর চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ সাজা দেন।
আসামিরা হলেন- জসিম উদ্দিন (৩০), মো. আব্বাস (২৫), মো. জাহিদ হোসেন (২৪) ও মো. সাদ্দাম (২৩)।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসিমকে ১৪টি ইয়াবা ট্যাবলেট, আব্বাসকে ১০টি, জাহিদকে আটটি ও সাদ্দামকে ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে এ সাজা দেওয়া হয়।
