২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নৌ সদস্যদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ মহড়া ‘কারাট’ এর চতুর্থ দিনে উভয় দেশের সমুদ্রসীমায় টহল কাজে ব্যবহৃত বিমান ও হেলিকপ্টার নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 07:37 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

শনিবার সকালে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে তিনটি এয়ারক্রাফটের বিভিন্ন দিক নিয়ে উভয় দেশের নৌবাহিনীর সদস্যরা আলাপ-আলোচনা করেন।

এসময় নৌবাহিনীর সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্য, স্থানীয় কয়েকটি স্কুল ও সাংবাদিকরাও এয়ারক্রাফট তিনটি ঘুরে দেখেন।

ঘাঁটিতে মার্কিন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ‘পি-৩’, বাংলাদেশ নৌবাহিনীর এয়ার ক্রাফট ‘ডর্নিয়ার ২২৮এনজি’ ও একটি ‘অগাস্টিন’ হেলিকপ্টার ছিল।

মার্কিন নৌবাহিনীর এয়ারক্রাফট ‘পি-৩’ এর ক্যাপ্টেন লেফটেন্যান্ট  কমান্ডার রায়ান কেসি বলেন, সমুদ্রসীমায় নজরদারি এবং জাহাজ এবং সমুদ্রের তলদেশে সাবমেরিন চিহ্নিত করার কাজে এ বিমান কার্যকর ভূমিকা রাখে।

প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে যৌথ নৌমহড়ায় ‘পি-৩’ বিমান এসেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা বাংলাদেশের সাথে এ মহড়া উপভোগ করছি এবং উভয়ের অভিজ্ঞতা বিনিময় করে উপকৃত হচ্ছি।

“মার্কিন সদস্যরা বাংলাদেশের নৌবাহিনীর এয়ারক্রাফট পরিদর্শন করে তাদের কার্যক্রম দেখে শিখেছে।”

বাংলাদেশ নৌবাহিনীর তাদের দুটি এয়ারক্রাফটের কার্যকারিতা সম্পর্কে পরিদর্শনকারীদের বর্ণনা দেন।

গত ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া যৌথ মহড়া ‘কারাট’ রোববার শেষ হচ্ছে। এ ‘শোর’ ও ‘সি’ বেজ মহড়াতে যুদ্ধ, চোরাচালান রোধ, সমুদ্রসীমা নিরাপত্তাসহ বিভিন্ন দিক নিয়ে অনুশীলন হয়।