চট্টগ্রাম বন্দরে ভারতীয় রুপি: গ্রেপ্তার ৫ জন রিমান্ডে
চট্টগ্রাম বন্দরে বিদেশ থেকে আসা কন্টেইনারে পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার পাঁচ জনের প্রত্যেককে পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাকন পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ জনের প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আসামি পক্ষে জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন।
“রুপি চোরাচালান চক্রের দেশি-বিদেশি যোগাযোগের বিষয়ে জানতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করবে। সব তথ্য জানতে সময়ের প্রয়োজন। আদালতে এ কথা বলেছি।”
২২ সেপ্টেম্বর গ্রেপ্তার পাঁচ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত সেদিন রিমান্ড শুনানির জন্য ২৭ সেপ্টেম্বর সময় নির্ধারণ করা হলেও তা হয়নি।
গত ২২ সেপ্টেম্বর এ ঘটনায় বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, কাস্টমস অ্যাক্ট ও ব্যাগেজ আইনে ছয় জনকে আসামি করে মামলাটি করেন শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার।
এ মামলায় মোট ছয় জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন- আরব আমিরাত থেকে কন্টেইনার ভর্তি পণ্য পাঠানো শাহীদুজ্জামান, হলেন-সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এসএম সায়েম ওরফে শামীমুর রহমান, ব্যবস্থাপনা পরিাচলক মো. আসাদুল্লাহ, প্রতিষ্ঠানের কর্মী আহম্মদ উল্লাহ, কাস্টমসের ‘ফালতু’ শেখ সাবের এবং শাহীদুজ্জামানের ভাই মো. তৌহিদুল আলম।
এদের মধ্যে শাহীদুজ্জামান পলাতক এবং অন্য পাঁচ জনকে ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দারা।
গত ২০ সেপ্টেম্বর রাতে ভারতীয় রুপি আছে এমন সন্দেহে একটি কন্টেইনার আটক করে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। পরে কায়িক পরীক্ষায় ওই কন্টেইনারের ভেতরে থাকা চারটি কার্টনে দুই কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০ রুপি পাওয়া যায়।
দুবাই প্রবাসী চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহীদুজ্জামান গৃহস্থালী পণ্য ঘোষনা দিয়ে কন্টেইনারটি চট্টগ্রামে পাঠান।
আরব আমিরাতের জাবেল আলী থেকে ‘এমভি প্রসপার’ নামের জাহাজে করে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে আসে কন্টেইনারটি।
