চট্টগ্রামে বিনোদন কেন্দ্রে ভিড়
ঈদের দুই দিন পরও চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় লেগে রয়েছে।
ছুটি শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রোববার খুললেও অনেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে গেছেন চট্টগ্রামের পতেঙ্গা সৈকত, ফয়’স লেক, আগ্রাবাদ, কাজীর দেউড়ি শিশুপার্ক, স্বাধীনতা পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে।
ঈদের দিন থেকে বৃষ্টি না হওয়ায় বিনোদনপ্রেমীদের মনেও দেখা গেছে উচ্ছ্বাসের ছাপ।
বিকালে কাজীর দেউড়ি শিশু পার্কে দুই সন্তানকে নিয়ে বেড়াচ্ছিলেন জাফর আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিন ব্যস্ততার পর গতকাল আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আজ পরিবার নিয়ে এসেছি বেড়াতে।”
পরিবারের সদস্যদের নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াচ্ছিলেন বোয়ালখালীর ইব্রাহিম খলিল।
ইব্রাহিমের মতো সকাল থেকে হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল পতেঙ্গা সৈকত। মূল সৈকত ছাড়াও নেভাল একাডেমি এলাকার কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত রাস্তায় গল্পে মাততে দেখা গেছে অনেকে।
পতেঙ্গা, ফয়’স লেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পাশাপাশি আনোয়ারা পারকি সমুদ্র সৈকত, সদরঘাট এলাকার কর্ণফুলী নদীর পাড়ে মেরিন ড্রাইভ, শাহ আমানত সেতুসহ বিভিন্ন এলাকায়ও ছিল মানুষের উপচে পড়া ভিড়।
সদরঘাট মেরিন ড্রাইভে কথা হয় সাব্বির আহমদ নামে একজনের সঙ্গে, তারা কয়েক বন্ধু একসঙ্গে ছিলেন সেখানে।
সাব্বির বলেন, “কাছে থাকার কারণে বন্ধুদের নিয়ে এখানে বেড়াতে আসলাম। প্রায় সময় আসা হলেও ছুটিতে সবাই একসঙ্গে আসলাম, এটাই আনন্দের।”
