‘নিজেদের হাতবোমায়’ ২ ছিনতাইকারী নিহত
চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী ‘নিজেদের ফাটানো হাতবোমায়’ নিহত হয়েছেন, আহত হয়েছেন ওই দলের আরও চারজন।
সদরঘাট থানার ওসি মো. মঈনুল ইসলাম ভুঁইয়া জানান, বুধবার গভীর রাতে সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৮ ও অন্য জনের ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই দুই যুবকসহ আরও কয়েকজন দুর্বৃত্ত মাঝিরঘাট এলাকার ‘রেকিট অ্যান্ড বেনকিজার’ ফ্যাক্টরিতে ‘ছিনতাই’ করতে যায়।
“এ সময় তারা কয়েকটি ককটেল ফাটায়। নিজেদের কাছে হাতবোমা বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে ঘটনাস্থলই একজন এবং হাসপাতালে নেওয়ার পর অন্যজনের মৃত্যু হয়।”
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
