২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

কোরবানির ঈদের আগে কয়েকদিনের হালকা বৃষ্টিতে চট্টগ্রামের বায়েজিদে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 01:55 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

তবু ঝুঁকির সঙ্গে বসবাস
বৃষ্টিতে ধস, চট্টগ্রামে ৫ শিশুসহ নিহত ৬

নিহতরা হলেন- পারভীন আক্তার (৩০) ও তার মেয়ে উর্মিলা আক্তার (৫)। তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে।

সোমবার সকালে বায়েজিদ থানার জালালাবাদের মাঝের ঘোনায় এ ঘটনা বলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে রান্না করার সময় পারভীনদের বাসা সংলগ্ন পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে। এতে মা ও মেয়ে মাটির স্তূপের নিচে চাপা পড়ে নিহত হন।”

সকাল পৌঁনে ৭টার দিকে এ ঘটনা ঘটলেও পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাতে দেরি হওয়ায় উদ্ধার কাজ শুরু হয় দুপুরের আগে।

বায়েজিদ থানার এসআই মানস বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারভীনের স্বামী আবুল খায়ের বাসের হেলপারের কাজ করেন। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গত ছয় বছর ধরে তারা ওই বাসায় থাকছিলেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মূল ঘরের বাইরে, রান্না ঘরে কাজ করছিলেন পারভীন। উর্মিলা তার সঙ্গে ছিল।

Image
চট্টগ্রামের বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় সোমবার পাহাড় ধসের পর সেখানে উদ্ধার কাজ চালায় দমকল কর্মীরা। ছবি: সুমন বাবু

চট্টগ্রামের বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় সোমবার পাহাড় ধসের পর সেখানে উদ্ধার কাজ চালায় দমকল কর্মীরা। ছবি: সুমন বাবু

Image
চট্টগ্রামে সোমবার পাহাড় ধসে কমপক্ষে দুই জনের মৃত্যু । ছবি: সুমন বাবু

চট্টগ্রামে সোমবার পাহাড় ধসে কমপক্ষে দুই জনের মৃত্যু । ছবি: সুমন বাবু

রান্নাঘরটি পাহাড়ের সঙ্গে লাগোয়া ছিল জানিয়ে তিনি বলেন, “পাহাড়ের একটি অংশ ধসে রান্না ঘরের ওপর পড়লে মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যায়।”

চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনাস্থলটি লোকালয় থেকে খানিকটা দূরে। প্রশাসনের নজর এড়িয়ে কয়েকটি পরিবার সেখানে বসতি গড়েছে।”

পরিবারটি যোগাযোগ করলে অনুদান হিসেবে ২০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় মালিক ও স্থানীয় প্রভাবশালীরা নিষেধ না মেনে পাহাড় ঘেঁষে ঘর তুলে কম টাকায় ভাড়া দিচ্ছে। আর নিম্ন আয়ের মানুষ ঝুঁকি জেনেও সেসব ঘরে থাকছেন। 

২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে টানা বর্ষণের ফলে পাহাড় ও দেয়াল ধসে ১২৭ জনের মৃত্যুর পর প্রতিবছরই প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তাতে মৃত্যু ঠেকানো যায়নি।

চলতি বছর রোজার ঈদের পরদিন ১৮ জুলাই রাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ও বায়েজিদ থানার আমিন কলোনিতে পাহাড় ও দেওয়াল ধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় উচ্ছেদ অভিযান চালিয়েও চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ঠেকাতে পারছে না জেলা প্রশাসন।