মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
‘ফাঁস হওয়া’ প্রশ্নপত্রে নেওয়া মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
গত শুক্রবারের এই পরীক্ষায় অংশ নেওয়া কয়েকশ’ শিক্ষার্থী রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অভিভাবকরাও ছিলেন।
এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনকে র্যাব গ্রেপ্তার করে।
মানববন্ধনে স্লোগান ছিল- ‘হবে যদি প্রশ্নফাঁস, কষ্ট করব কেন ১২ মাস’, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, শিক্ষা কি এখন পণ্য?’, ‘যদি হবে প্রশ্নফাঁস, রোগী হবে লাশ’।
সোমবার সকাল থেকে আবার প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করে।
পরীক্ষা বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।
