লক্ষ্য অর্জনে চট্টগ্রামকে কাজে লাগানোর তাগিদ
আগামী ছয় বছরের মধ্যে তৈরি পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রামের সক্ষমতাকে কাজে লাগানোর তাগিদ এসেছে এক গোলটেবিল আলোচনায়।
শনিবার বন্দরনগরীতে হওয়া ওই আলোচনায় বক্তারা বলেন, এ লক্ষ্যমাত্রা অর্জন ও জিডিপি আট শতাংশে নিয়ে যাওয়া কোনোটাই চট্টগ্রামকে বাদ দিয়ে সম্ভব নয়।
এর জন্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিসহ এটিকে পুরোপুরি কাজে লাগানোর পরামর্শও দেওয়া হয় সভায়।
বিজিএমইএ এবং চিটাগাং রিসার্চ ইনিসিয়েটিভ (সিআরআই) যৌথভাবে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘তৈরি পোশাকখাতে রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চট্টগ্রামের লক্ষ্য’ শীর্ষক এ সভার আয়োজন করে।
সভায় মূল প্রবন্ধে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, “চট্টগ্রামকে অবহেলায় অর্থনৈতিক ক্ষতি আছে। চট্টগ্রামকে অর্থনৈতিক কেন্দ্রে পরণিত করতে পোশাকপল্লী নির্মাণ, গ্যাস সংকট মাথায় রেখে বিকল্প জ্বালানির সন্ধান ও চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে।”
বন্দরের সক্ষমতা স্থির হয়ে থাকা, জমির অভাব, শহরের গুণগতমানের অবনতি, জ্বালানি সংকট, অবহেলার কারণে চট্টগ্রামের ভাবমূর্তির অবনতি, নতুন উদ্যোক্তাদের গ্রহণ করার মানসিকতার অভাব- এসব প্রতিবন্ধকতা দূর করার তাগিদও দেন তিনি।
চট্টগ্রাম অঞ্চলে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ ২৫ বিলিয়ন ডলারেরও বেশি উল্লেখ করে হোসেন জিল্লুর বলেন, “চট্টগ্রামকে বাদ দিয়ে জিডিপির ৮ শতাংশ লক্ষ্য অর্জন সম্ভব হবে না। চট্টগ্রাম থেকেই ১৯৭৮ সালে ১২ হাজার ডলারের রপ্তানির মাধ্যমে তৈরি পোশাক খাতের যাত্রা শুরু হয়।”
চট্টগ্রামের গ্যাস সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এ সংকট নিরসন না হলে চট্টগ্রামের তৈরি পোশাক খাত এগোবে না। এখানে উদ্যোক্তারা কারখানা স্থাপন করে বছরের পর বছর বসে আছেন। কিন্তু গ্যাসের অভাবে উৎপাদনে যেতে পারছেন না।
সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা জায়গার কথা উল্লেখ করে বলেন, “আপনারা বিভিন্ন স্থানে জায়গা বাছাই করেন। সরকার এবং বেসরকারি উদ্যোক্তা- দুই পক্ষই যাতে লাভবান হয় সেভাবেই করা উচিত।”
চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর নির্মাণ সরকারের গুরুত্বের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নানা কারণে একটু সময় নেওয়া হচ্ছে। ধীরগতি হলেও গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন হবে।”
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, “ইদানিং পায়রা ও মাতারবাড়িতে বন্দর নিয়ে কথা হচ্ছে। তবে বন্দরের জন্য যেসব সংযুক্ত অবকাঠামো দরকার সেগুলোর সবই চট্টগ্রামে আছে।”
গভীর সমুদ্র বন্দরের প্রকল্প পিছিয়ে আছে জানিয়ে তিনি বলেন, “এজন্য চট্টগ্রাম বন্দরের দিকে নজর দিতে হবে।”
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বলেন, “চট্টগ্রামে গ্যাস সংকট সমস্যা অনেকদিনের। এ মুহূর্তে পোশাক খাতের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত। গ্যাস সংকটের কারণে বিকল্প জ্বালানির কী হতে পারে তাও ভাবা উচিত।”
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন সাবেক জ্বালানি সচিব ফৌজুল কবীর খান, বিজিএমইএ এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, এসএম আবু তৈয়ব, এম এ সালাম, চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মাহমুদ, পিএইচপি’র চেয়ারম্যান মিজানুর রহমান, চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা হাদি হোসেন বাবুল প্রমুখ।
