চট্টগ্রামে হুজিকর্মী কারাফটকে ফের আটক
অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে মুক্ত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক কর্মীকে চট্টগ্রাম কারাফটক থেকে আবার আটক করেছে পুলিশ।
আটক মো. সালাউদ্দিন ২০১০ সাল থেকে কারাগারে ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাউদ্দিনের বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা যাচাই-বাছাই করতে সীতাকুণ্ড থানা পুলিশ তাকে নিয়ে গেছে।”
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় ২০১০ সালের ১৪ ডিসেম্বর থেকে সালাউদ্দিন কারাগারে ছিলেন।
“জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।”
